গাইবান্ধায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মো. মিজানুর রহমান (১৯) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় তার বাম চোঁখ উপড়ে ফেলা হয়।
খবর পেয়ে পুলিশ সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
মিজানুর রহমান সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মফিজল হকের ছেলে।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারী জানান, মিজানুর পেশায় একজন ভ্যান চালক। বৃহস্পতিবার বিকেলে তিনি ব্যাটারী চালিত রিকশা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত ১০টার দিকেও তিনি পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। পরে রাতে তিনি আর বাড়ি ফেরে নাই। শুক্রবার সকালে পাতিল্যাকুড়া গ্রামের এবটি বাঁশঝাড়ে মিজানুরের রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার বাম চোঁখ উপড়ে ফেলা হয়েছে। ধারনা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মিজানুরের পরিবারের পক্ষ সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও রিকশা ভ্যানটি উদ্ধারে চেষ্টা চালছে বলেও জানান ওসি।

