ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষ, ১০ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় কিছু যাত্রী সাঁতরে তীরে ফিরলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ‘এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। নৌকায় অন্তত শতাধিক যাত্রী ছিল। অনেকে নিখোঁজ রয়েছেন’

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকাল সাড়ে ৪টায় যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। এরপর লইছকা বিলে পৌঁছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে আঁখি আখতার নামের এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।

  •  
  •  
  •  
  •  

Tags: