দেশের ফুটবলে ডাক পান নি অথচ আজ লা লিগায় বাংলাদেশের জিদান মিয়া
স্পোর্টস ডেস্কঃ ‘জিনেদিন জিদান ছিলেন পছন্দের ফুটবলার। তার নামানুসারেই ছেলের নাম রাখি।’- গত বছর একটি ফেসবুুক লাইভ অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটলার জিদান মিয়ার বাবা সুফিয়ান মিয়া। ছেলেকে নিয়ে এবার সুসংবাদ দিলেন তিনি। স্প্যানিশ লা লিগায় নাম লিখিয়েছেন জিদান।
লা লিগার দল রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন জিদান মিয়া। মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত করে একটি টুইট করে।
সেই পোস্টে তারা জানায়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়োকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে। রায়ো ভায়োকানোর পরিচালককে ধন্যবাদ।’
অথচ এ জিদান মিয়াকে কখনও গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জন্য ভাবেনি টিম ম্যানেজম্যান্ট। গত ৪-৫ বছর ধরেই বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছেন জিদান।
কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট বা কোচদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। সেই জিদানই এখন থাকবেন স্পেনের শীর্ষ লিগের দল রায়ো ভায়োকানোতে। ক্লাবের অনুশীলনে ভালো করতে পারলে অচিরেই পেয়ে যাবেন মূল দলে খেলার সুযোগ।
২০১৪ সালে সবশেষ বাংলাদেশে এসেছিলেন জিদান। তার বাবা সুফিয়ান মিয়া সিলেটের বাসিন্দা। বাংলাদেশ দলে কখনও ডাক পেলে তাদের পক্ষ থেকে স্যাক্রিফাইসও করা হবে জানিয়েছেন তিনি।
সুফিয়ান মিয়া বলেছেন, ‘জিদান সবসময়ই বাংলাদেশের হয়ে খেলতে চায়। বাংলাদেশ থেকে যদি ওকে ডাকে, এটা অবশ্যই ওর জন্য সম্মানের হবে। যদি বাংলাদেশ থেকে ডাক আসে, তা হলে আমাদের পক্ষ থেকে স্যাক্রিফাইস করবো।’

