খন্দকার মোশতাকের গ্রামের বাড়িতে হামলা-কুশপুত্তলিকা দাহ
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে অগ্নিসংযোগ করা হয়। খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাও সহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচীর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচী চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে।
মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্ত মরণোত্তর বিচারসহ কবর অপসারণের দাবি করে আসছে বলে জানা গেছে।বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তরুণ সমাজ উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করলে আমি তাৎক্ষণিকভাবে গিয়ে তাদের শান্ত করি। পাঁচ বছর ধরে মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত ও মরণোত্তর বিচার দাবি করে আসছি। যত দিন পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন না করবে তত দিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

