খাতায় খাতায় ভারতীয় সিরিয়ালের ছবি!

দিনাজপুর প্রতিনিধি:
পোশাকের পর এবার ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখার খাতায়। দিনাজপুরের বিভিন্ন উপজেলার স্কুলগামী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক-নায়িকাদের রঙ্গিন ছবিযুক্ত মলাটের খাতা।

কয়েকটি স্কুলে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা লেখাপড়ার আলোচনা বাদ দিয়ে স্টার জলসা, জি বাংলার বিভিন্ন সিরিয়ালের গত পর্বের আলোচনা নিয়েই বেশি ব্যস্ত আবার অনেকে খাতায় থাকা কিরনমালা, ইস্টি কুটুম, ঠিক যেন লাভ স্টোরি, চোখের তারা তুই, বধুবরণ, পাখি নাটকের ছবি দেখে এটা কোন পর্বের ছবি তা নিয়ে তর্ক-বির্তকেই ব্যস্ত ।

খানসামা উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, জি বাংলা সহ বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবি সংবলিত খাতা বিক্রি করা হচ্ছে । দোকানদারদের কাছ থেকে জানা যায় , প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাই বেশীর ভাগ সময় দোকানদারের কাজ থেকে এইসব খাতা চেয়ে নিচ্ছে।

পাকেরহাট বাজারের রানা ভ্যারাইটিজ এর মালিক বলেন, এসব খাতার চাহিদা ব্যাপক , তাই অনেকটা বাধ্য হয়েই এ ধরনের খাতা বিক্রি করছি । প্রতিটি খাতা ১০ থেকে ৬০ টাকা পযর্ন্ত বিক্রি করতে দেখা গেছে দোকানগুলোতে ।

এক প্রশ্নের জবাবে একজন বিক্রিতা বলেন, এসব খাতা বিক্রি করতে খারাপ লাগে, কিন্তু বাজারে এর ব্যাপক চাহিদা। প্রায় ৬ মাস থেকে এসব খাতা বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে। এসব খাতা সৈয়দপুর থেকে সরবারহ করা হচ্ছে বলে জানান, ব্যবসায়ীরা ।

শারমিন নামে এক স্কুল ছাত্রী কিরনমালা খাতা কেনার সময় জানায়, আমাকে কিরনমালা নাটক ভাল লাগে তাই কিরনমালা খাতাটা নিচ্ছি।

  •  
  •  
  •  
  •  

Tags: