আবরার হত্যার দুই বছর পেরিয়ে, বিচার শেষ হয়নি খুনিদের

নিউজ ডেস্ক:

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দুই বছর হয়ে গেলেও এখনও এর বিচার শেষ হয়নি। খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চান ৯০ বছর বয়সী দাদা আব্দুল গফুরসহ পরিবারের সদস্যরা। আর আবরারের ব্যবহৃত জামা-কাপড় বইপত্র হাতড়ে আদরের সন্তানকে খুঁজে ফেরেন মা রোকেয়া খাতুন।

বুয়েটের মেধাবী ছাত্র আবরার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের বরকত উল্লাহ ও রোকেয়া দম্পতির বড় ছেলে। দুই বছর আগে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ সদস্যরা। হত্যাকাণ্ডের পর দুই বছর পার হলেও এখনও শেষ হয় বিচার কার্যক্রম। দুই বছর অতিবাহিত হলেও হত্যাকারীরা এখনো জীবিত রয়েছে। অতিদ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকরের দাবি জানান আবরারের মা।

করোনাভাইরাসের কারণে বিচার কাজ বিঘ্ন ঘটেছে দাবি করে আবরারের ছোটভাই আবরার ফাইয়াজ বলেন, ১৩৫ দিনে মামলার কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে বিলম্বিত হলেও আশা করছি এ মামলায় খুনিদের সবার ফাঁসির আদেশ হবে।
ফাইয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন আসামি এহতেশামুল রাব্বি তামিম, মোর্শদুজ্জামান মণ্ডল জিসান ও মুজতবা রাফিদ এখনো পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে পারেনি। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আবরার ফাহাদ হত্যার দুই বছরে তার পরিবারের এখন একটাই দাবি- অতিদ্রুত রায় ঘোষণার পাশাপাশি তা কার্যকর করা হোক। এদিকে আবরারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়ির মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এছাড়া বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,