তাসকিন-সানির নিষেধাজ্ঞার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অব্যাহত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের ত্রুটির দায়ে নিষিদ্ধের প্রতিবাদে আজও মানববন্ধন এবং মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটা মৌন মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে সেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ্র অনি বলেন, তাসকিন-সানিকে অযৌক্তিকভাবে নিষিদ্ধ করায় আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা রাবির শিক্ষার্থীরা আমাদের এ আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আইসিসির অতি দ্রুত তাদের এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে পরবর্তিতে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। এছাড়াও এসময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবির নতজানু ভূমিকার তীব্র সমালোচনা করা হয় ।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখা যায়। প্লাকার্ডগুলোতে লেখা ছিল- ক্রিকেট আমাদের রাজনীতি নয়, ক্রিকেট আমাদের আবেগ, শেম আইসিসি, শেম বিসিবি, ইন্ডিয়ার দালাল আইসিসি, তাসকিন- সানি আমার নয়নের মনি, এবার তোরে খাইসি, এক দফা এক দাবি ব্যাক তাসকিন ব্যাক সানিসহ বিভিন্ন ধরনের লেখা। এ সময় মানববন্ধন ও মৌন মিছিলে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, গত ১৯ মার্চ বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ায় তাদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার কারণে বোলিং অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তারা খেলতে পারবে না।

  •  
  •  
  •  
  •  

Tags: