তনুর হত্যাকরীদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষাথীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন পুরুষ সমাজে মানুষ হিসেবে নিরাপদ তবে একজন নারী অনিরাপদ। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক স্থানগুলোতে আমাদের সমাজের মেয়েরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। ন্যায়বিচারের অভাবেই এমনটি হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে ওঠেছে তা খুবই ভয়ংকর। আর এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই যারা ধর্ষণ, হত্যাকান্ডের মতো জঘন্য অন্যায়ের শিকার হচ্ছে তারা ন্যায়বিচার পাচ্ছে না।
মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক ইমন, ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তমাশ্রী দাস আইন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল নাইম, ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাম্মী, পদার্থবিজ্ঞন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী দ্বীপ অধিকারী প্রমুখ।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুজ্জান সুহান বলেন, স্বারষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অবহেলার দরুন আজ সারদেশে নারী নির্যাতন ব্যপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। সেনানিবাসের মতো একটি নিরাপত্তা বেষ্টিত স্থানে এরূপ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
এছাড়াও পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নারী নিপীড়নের ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারায় এবং দেশে ধর্ষণ, খুন, নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

