বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল ও আবাসিক ভবনের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মধ্য দিয়ে দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যাবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম।

তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন।” যারা তাদের হত্যা করেছিল তাদের অবিলম্বে বিচার দাবি করেন তিনি।

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ.কে.এম জাকির হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে আমাদের দাবী,যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি সেদিন ঘটেছিলেন তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।”

পরবর্তী কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১.৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। পরবর্তীতে বিকাল ৩ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাকৃবি শিক্ষক সমিতি। এছাড়াও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ‘বিজয় ৭১’ ও প্রশাসনিক ভবন আলোকায়ন করা হয়।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ড. মো: আজহারুল ইসলাম।

  •  
  •  
  •  
  •