সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত
নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত মুজিবর রহমানের (৫০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ, কোস্ট গার্ড ও টাইগার টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী খালের পার্শ্ববর্তী এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।
নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের মৃত আক্কাস আলী গাজীর ছেলে।
শ্যামনগরের জেলে ইসমাইল হোসেন জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে মুজিবরসহ তাঁদের সহযোগী কয়েকজন জেলে একসঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। গত সোমবার বিকেলে সুন্দরবনের পায়রাতলী খালে কাঁকড়া ধরার সময় একটি বাঘ পেছনের দিক থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁকে সুন্দরবনের গভীরে নিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বন বিভাগ, কোস্ট গার্ড ও টাইগার টিমের সদস্যরা সোমবার বিকেলে বাঘে ধরে নিয়ে যাওয়া মুজিবর রহমানকে উদ্ধারে মঙ্গলবার সকালে অভিযান চালান। দুপুরে পায়রাতলী খালের পার্শ্ববর্তী জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের মুখমণ্ডল ক্ষতবিক্ষত। নিহতের ডান পা বাঘে খেয়ে ফেলেছে। তাঁর মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।

