রাবির সেই ৩ ছাত্রলীগ নেতা আজীবন বহিস্কার!

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় সেই তিন নেতাকে আজীবন বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে সিন্ডিকেটের সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সকালে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আজীবন বহিস্কৃত ওই তিন নেতা হলেন রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহসভাপতি ও ফিশারিজ বিভাগে তন্ময়ানন্দ অভি এবং শহীদ হবিবুর রহমান হলের সভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশীদ।

২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দফতরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধর করে ছাত্রলীগের ওই তিন নেতা। এতে বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর মাথা ফেটে যায়। ওই দিন রাতে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তুহিনকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ঘটনার দু’দিন পর উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে জড়িত তিনজনকে সাময়িক বহিস্কার করে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের আজীবন বহিস্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: