স্বাস্থ্যবিধি না মানলে বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাণিজ্যমেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন,সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। গতকাল (শুক্রবার) একদিনে ৪৪০০ জন সংক্রমিত হয়েছে। এবং এর শতকরা হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক।
বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

