‘ইয়াসিরই মূল কালপ্রিট’- প্রকাশ্যে দাবি মিরাজের!
নিউজ ডেস্ক:
গতকাল শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের কিছু সময় আগে হুট করেই মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর আজ রবিবার মিরাজ সাংবাদিকদের বলেন, “তিনি আর বিপিএল খেলবেন না। আজ বিকালেই তিনি ঢাকায় ফিরছেন।”
কিন্তু মিরাজের আজ চট্টগ্রাম থেকে ফেরা হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, মিরাজের ফ্লাইট ছিল বিকাল সাড়ে ৫টায়। নির্দিষ্ট সময়ের আগেই মিরাজ তার স্ত্রী-সন্তানসহ ঢাকায় ফেরার জন্য টিম হোটেল ছেড়ে নিচে নামেন। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা তখন তাকে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এসময় ক্ষোভের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মিরাজ বলছিলেন, “আমাদের মালিকপক্ষ খুব ভালো। তারা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। ইয়াসিরই (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও) মূল কালপ্রিট। ইয়াসির দলে থাকলে আমি খেলব না।”
উল্লেখ্য, মিরাজকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে মিডিয়ার সঙ্গে আগের দিন কথা বলেছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইয়াসির আলম। তার দাবি ছিল, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ।

