১৪ ফেব্রুয়ারি থেকে সাদা রেকে যাত্রা করবে বিজয়-উপকূল
নিউজ ডেস্ক:
ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় ও ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেন সবুজ রেকের পরিবর্তে এবার সাদা রেকে চলবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সাদা রেকে বিজয় ও উপকূল এক্সপ্রেস চলাচল করবে। এতে যুক্ত হবে ১৪টি কোচ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪টি কোচ থাকবে এ ট্রেনে।
ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার, এসি চেয়ার ৬টি, নন-এসি চেয়ার ৭টি ও পাওয়ারকার একটিসহ মোট ১৬টি কোচ থাকবে।
এর মধ্যে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশ্যে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে সকাল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকেল ৩টা ৫৫ মিনিটে।
উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যায় সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়ে বিকেল তিনটা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে।

