ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করতে আইন সংশোধনের উদ্যোগ সরকারের

নিউজ ডেস্ক:

ধর্ষণের ভিকটিমের চরিত্র নিয়ে আদালতে প্রশ্ন তোলা বন্ধ করতে সাক্ষ্য আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সংশোধিত আইনের খসড়া তৈরি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়েছে।

সাক্ষ্য আইনে ১৫৫ (৪) ও ১৪৬ (৩) ধারায় ধর্ষণের মামলায় ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখায় এর বৈধতা নিয়ে গত বছরের ১৪ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট), আইন ও সালিস কেন্দ্র (আসক) ও নারীপক্ষ।

রিটের শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস আইনটি সংশোধনের উদ্যোগের কথা জানান। তিনি সংশোধিত আইনের একটি খসড়া কপি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চে উপস্থাপন করেন।

পরে আদালত আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন।

  •  
  •  
  •  
  •