আটলান্টিক মহাসাগরে কার্গো জাহাজে আগুন, পুড়ছে বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক: আটলান্টিক মহাসাগরে ভাসমান এক পণ্যবাহী জাহাজে পুড়ছে হাজার হাজার বিলাসবহুল গাড়ি। সংবামাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে জানা যায়, অগ্নিকাণ্ডের পর জাহাজের চালকসহ কর্মীরা এটিকে মাঝসাগরে পরিত্যক্ত অবস্থায় ফেলে আসতে বাধ্য হন।

পানামার পতাকাবাহী ‘দ্য ফেলিসিটি এইস‘ নামের কার্গো জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে বন্দরে যাবার পথে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগে।

পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজটির ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের নিকটবর্তী পর্তুগিজ দ্বীপ ফায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

সাড়ে ৬০০ ফুট উচ্চতার ও ৬০ হাজার টন ওজনের পণ্যবাহী জাহাজটিতে এক হাজার ১০০টি পোরশে, তিন হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি, ল্যাম্বোরগিনি ও অডি’র মতো চার হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ি ছিল।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে তারা যোগাযোগ করছেন বলে জানান পোরসের মুখপাত্র লুক ভান্দেজান্দে।

  •  
  •  
  •  
  •