প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আইনজীবীর বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা জজকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
গত রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু। অভিযুক্ত আইনজীবী ওয়ালিউ রহমান দোলনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
পুলিশ জানায়, ওয়ালিউ রহমান দোলন ফেসবুকে টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘলাইন নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে মধু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুক ওয়াল থেকে পোস্টটি সরিয়ে দেন দোলন।
ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বলেন, ওয়ালিউ রহমান দোলন ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের অপমাণ করেছেন। তাই তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

