রাশিয়ার আক্রমণে ইউক্রেনের খারকিভে ২১ জন নিহত
আন্তর্জতিক ডেস্ক: রাশিয়ার চলমান আক্রমণে ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে অন্তত ২১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। শহরটির মেয়রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে একটি আন্তর্জাতিক সংবামাধ্যম।
খারকিভ অঞ্চল রাজ্য প্রশাসনের গভর্নর ওলে সিনেগুবভ দাবি করেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) সারাদিন ও রাতে রাশিয়ার ব্যাপক বোমবর্ষণ সত্ত্বেও সব হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেইনীয় সেনারা তাদের অবস্থানও ধরে রেখেছে। রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যাপক গোলাবর্ষণ করতে করতে রাশিয়ার সেনারা খারকিভের উত্তরপূর্ব ও দক্ষিণ অংশ দিয়ে শহরটিতে প্রবেশ করেছে বলে জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। এরইমধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা।

