দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

তিন ফরম্যাটে এটি লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়। এ ম্যাচে জেতার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবাল বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

স্বাগতিকদের করা ১৫৪ রানের জবাবে খেলতে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস করেন ১২৭ রান। লিটন দাস ৫৭ বলে ৪৮ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম ও সাকিব আল হাসান। তামিম ৮২ বলে ৮৭ এবং সাকিব ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান।

  •  
  •  
  •  
  •