আফগানিস্তানে পাকিস্তানের রকেট হামলায় নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ হামলায় ২২ জন আহত হয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানি সেনাদের রকেট হামলায় আফগানিস্তানে বেশ কয়েকজন হতাহত হন। এতে অনেকেই গুরুতর আহত হওয়ায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে।
এদিকে পাকিস্তান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, পাকিস্তান থেকে আফগানিস্তানের দিকে নয়; বরং কাবুল থেকে হামলা চালানো হয়েছে ইসলামাবাদের দিকে। যদিও পাকিস্তানের এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে তালেবান প্রশাসন।

