কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণে ছয়জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারা অধ্যুষিত এলাকায় এক স্কুলে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। আজ মঙ্গলবার কাবুলের আব্দুর রহিম শহীদ স্কুলে বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে নিতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণস্থলে রক্তাক্ত দেহ, বোমায় পোড়া বই-খাতা আর ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

একই এলাকায় একটি ইংরেজি ভাষা শিক্ষা কেন্দ্রে তৃতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। তবে এটি কোনো বিস্ফোরকের মাধ্যমে ঘটানো হয়েছে কি না তা তিনি নিশ্চিত হওয়া যায়নি। তালেবান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। সেখানে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি।

শিয়া হাজারা অধ্যুষিত এলাকায় আগেও বোমা হামলার ঘটনা ঘটে এবং এসব হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী। একসময় তালেবানও শিয়া হাজারাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ মানুষের মধ্যে শিয়া হাজারাদের সংখ্যা ১০ থেকে ২০ শতাংশ।

  •  
  •  
  •  
  •