ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের দেয়া তথ্যানুযায়ী, ২৭ এপ্রিলের টিকিট আজ ২৩ এপ্রিল শণিবার, ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল রবিবার, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল সোমবার, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল মঙ্গলবার এবং ১ মে এর টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিল বুধবার। টিকিট বিক্রি প্রতিদিন সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। নারী এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে।
সরাসরি টিকিট বিক্রির পাশাপাশি অনলাইনেও সকাল ৮ টা থেকে ই-টিকিট বিক্রি শুরু হয়েছে।

উল্লেখ্য এ বছর ঢাকা হতে বর্হিগামী ট্রেনে প্রতিদিন মোট আসন সংখ্যা হবে ২৬ হাজার ৬শ’ ৬৩টি, যার অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
‘টিকিট যার, ভ্রমণ তার’ এ স্লোগানকে সামনে রেখে এবারে টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র ও জন্ম-সনদ ফটোকপি কাউন্টারে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ব্যতীত কেউ টিকিট কাটতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবে। এবং অগ্রিম বিক্রিত টিকিট ফেরৎ নেয়া হবেনা।

কমলাপুরের পাশাপাশি ঢাকা শহরের তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) এ চারটি স্থানেও টিকিট বিক্রি চলছে।

  •  
  •  
  •  
  •