অস্ত্রসহ ‘সর্বহারা দলের ৪ সদস্য’ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, রাতে সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় ওমরপুর গ্রামের কোরবান আলীর ছেলে আবুল কাশেম (৪২), কাশিনগর গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহীম (৩২), কৃষ্ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে নজরুল ইসলাম ওরফে মিস্টার (৩৩) ও সয়া সুপ্রভাত গ্রামের আব্দুল হকের ছেলে সাইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিজ, তিনটি মোবাইল ফোন ও ৭ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতাররা সদর উপজেলার যুগনীহাটে ডাকাতি করার উদ্দেশ্যে বাঘিল ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় একত্রিত হচ্ছিল। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১১ জন পালিয়ে যায়। এ সময় র‌্যাব ওই চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। এদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা-ডাকাতি-অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য।

  •  
  •  
  •  
  •