ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের

rainnn

আবহাওয়া ডেস্ক: ঈদের দিন সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর এ বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে এবারের ঈদের আনন্দ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের দিন, ঈদের আগের দিন ও ঈদের পরের দিন আবহাওয়া কেমন থাকবে এটা চূড়ান্তভাবে আরও দুদিন পর জানা যাবে। তবে আমরা ১০ দিনের যেই পূর্বাভাস দিয়েছি, সে হিসেবে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিনের আবহাওয়ার চরিত্র কেমন থাকবে এটার সঠিক তথ্য ৭২ ঘণ্টা আগে দিতে পারব। কারণ এখন আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। এ জন্য সময় যত ঘনিয়ে আসবে, এ বিষয়ে তত নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  •  
  •  
  •  
  •