বাগাতিপাড়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭ জন আহত

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে গত দুই দিনে অন্তত ৭ জন আহত হয়েছে। বেওয়ারিশ এ সব কুকুর নিধনে কোন উদ্যোগ না থাকায় এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন সুবিধা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আহতরা। রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে ভ্যাকসিন সুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নওসাদ আলী জানান, উপজেলার ঢাকা পাড়া ও হিজলী পাবনা পাড়ার দুটি গ্রামে পাগলা কুকুর আতংক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এ দুটি গ্রামের দুই শিশুসহ অন্তত সাতজনকে বেওয়ারিশ কুকুর কামড়িয়েছে। এছাড়া মানুষের পাশাপাশি বেওয়ারিশ কুকুরের কামড়ের হাত থেকে রক্ষা পাচ্ছেনা ওই দুটি গ্রামের গরু, ছাগল, হাঁস-মুরগী। কুকুরের কামড়ে আহত সাত জন হলেন, হিজলী পাবনা পাড়ার শাজাহানের স্ত্রী আফরোজা (৩০), কায়েম উদ্দিনের মেয়ে হাসিনা (৩৮), খাইরুলের ছেলে মিন্না (৩০), মিশেদের স্ত্রী আরিফা (২৫), মামুনের মেয়ে সামী (৬), আব্বাসের স্ত্রী জাহেরা (২৬) এবং ঢাকা পাড়ার রমজানের মেয়ে খাদিজা (৭)।

কুকুড়ের কামড়ে আক্রান্ত মিন্না জানান, কামড়ের পর ভ্যাকসিন নিয়ে তিনি ভোগান্তিতে পড়েছেন। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ ভ্যাকসিন দেওয়া হয় না। তাই তিনি নাটোর সদর হাসপাতালে গিয়েছিলেন। ড্রেসিং করা হয়েছে। কিন্তু শুক্রবার হওয়ায় তাকে পরদিন শনিবারে যেতে বলা হয়েছে। তবে তিনি নিজের উপজেলা হাসপাতালেই এ সেবাটি চালু করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন সেবা চালু হয়নি। সেবাটি জেলা সদর হাসপাতালেই দেওয়া হয়। আহতরা সেখান থেকে সেবাটি নিতে পারবেন।

  •  
  •  
  •  
  •