গোপালপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সুরুজ আটক

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত দেড় টার দিকে গোপালপুর পৌরশহরের নন্দনপুর বাসা থেকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফিজুর রহমান জানান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজের বাসায় অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। আর এ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাত দেড় টার দিকে গোপালপুর পৌর এলাকার নন্দনপুর তার বাসায় অভিযান চালায়।
এসময় একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটকের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালকুদার বলেন, ‘সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইসলাম তালুকদার সুরুজের আটকের বিষয়টি আমি শুনেছি। তবে তার কাছ থেকে অস্ত্র পাওয়ার বিষয়টি আমার জানা নেই।’
তার আটকের খবরে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং গোপালপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  •  
  •  
  •  
  •