হাল্ট প্রাইজ বাকৃবির টিম রেজিষ্ট্রেশন সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত গ্লোবাল কম্পিটিশন হাল্ট প্রাইজের বাকৃবি অনক্যাম্পাস রাউন্ডের টিম রেজিস্ট্রেশন শেষ হয়েছে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম ধাপ টিম রেজিষ্ট্রেশন শেষ হয়েছে গত ১৫ ডিসেম্বর। এবছর টিম রেজিষ্ট্রেশনের পাশাপাশি চলেছে সিংগেল রেজিষ্ট্রেশনও। পরবর্তীতে সিংগেল রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের হাল্ট প্রাইজ বাকৃবি থেকে টিম গঠন করে দেয়া হয়।
হাল্ট প্রাইজ বাকৃবির ২৮ জন মেম্বারের অর্গানাইজিং কমিটি দ্বারা অত্যন্ত সুনিপুণভাবে চলেছে টিম রেজিষ্ট্রেশনের কর্মকাণ্ড। অনলাইন এবং অফলাইন দুই ধরনের প্রমোশনেই এবছরের হাল্ট প্রাইজ যেন নিজেদের নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। প্রতিটি লেভেলের ক্লাসরুমে সেশন নেয়া, পোস্টারিং, রেজিস্ট্রেশন বুথ স্থাপনসহ প্রতিটি কাজ তারা করেছে সুসংগঠিতভাবে। তাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও এবারের প্রতিযোগিতায় বাকৃবি ক্যাম্পাসে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে।
এছাড়াও টিম রেজিষ্ট্রেশনের পরে প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থীদের নিয়ে এবছরের চ্যালেঞ্জ নিয়ে সেশনের আয়োজন করা হয়। এবছরের চ্যালেঞ্জ “রিডিজাইনিং ফ্যাশন” নিয়ে।
এবছর হাল্ট প্রাইজ বাকৃবির উপদেষ্টা হিসেবে আছেন ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. মো. শহীদুজ্জামান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের এসোসিয়েট প্রফেসর ড. মো. নাহিদ সাত্তার।

