বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনে পূর্ন প্যানেলে (১৫ টি পদ) নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ’গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’। নির্বাচনে সভাপতি পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী (প্রাপ্ত ভোট ২০২) ও সাধারণ সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ২১২) নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার ও প্রফেসর ড. মোঃ শহীদুল হক উভয়েই ১৩১টি করে ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম পেয়েছেন ১৪৮ ভোট এবং অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন পেয়েছেন ৯৯ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আব্দুস সালাম।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২০৮), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন (২৪২), যুগ্ম-সাধারণ সম্পাদক-১ অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা (২১৮), যুগ্ম-সাধারণ সম্পাদক-২  ড. মোঃ শফিকুর রহমান শিশির (২১০), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোবারক হোসেন (২১১), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক জয়ন্ত কর্মকার (২১৮), সমাজকল্যাণ সম্পাদক আনজুয়ারা খাতুন (২০৩)।

এছাড়াও ছয়টি সদস্য পদে- অধ্যাপক ড. ফাতেমা হক শিখা (২০৫), অধ্যাপক ড. মোঃ হারুন অর রশীদ (২৩৬), অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম (২০৩), অধ্যাপক ড. মোহাম্মদ রায়হানুল ইসলাম (২০৪), অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিন (২১৪) এবং অধ্যাপক ড. মাহবুব হোসেন (২০১) জয়ী হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতি ২০২২ এর সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক ড. গোলাম ফারুক  ও অধ্যাপক ড. আবদুল মজিদ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৪৬৫টি ভোট পড়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী সংগঠন `গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’, নামক ২টি সংগঠন এবং জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংগঠন ‘সোনালী দল’ অংশগ্রহণ করে।

  •  
  •  
  •  
  •