এক নজরে পেলের বর্ণাঢ্য ক্যারিয়ার
ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের এক বস্তি থেকে উঠে আসা পেলের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের পরিসমাপ্তি। ক্যারিয়ারে অর্জন করেছেন প্রয়োজনের চেয়েও বেশি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। একনজরে দেখে নেয়া যাক কেমন ছিল পেলের বর্ণাঢ্য ক্যারিয়ার।
সবুজ ক্যানভাসে রাজত্বের ইতিহাস রেখে গেছেন পেলে। গৌরবমাখা ক্যারিয়ারে যা করেছেন, তা এখনও অবিশ্বাস্য লাগে সবার কাছে। ফুটবলে তার অর্জনের ধারে-কাছে নেই কেউ।
ফুটবল বিশ্ব তাজ্জব বনে গিয়েছিল পেলের আগমনে। পঞ্চাশ-ষাটের দশকে এই ব্রাজিলিয়ানের সামনে পাত্তাই পায়নি কোনো প্রতিপক্ষ। ১৯৫৮, ৬২ আর ৭০’এ জিতেছেন তিন তিনটি বিশ্বকাপ। ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কেউ পারেনি যা।
দীর্ঘ সময় এককভাবে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। রোনালদো, কাকা কিংবা রোনালদিনহোর মতো তারকারা ছাড়িয়ে যেতে পারেননি তাকে। ৭৭ গোল নিয়ে এখনও নেইমারের সঙ্গে যৌথভাবে সেলেসাওদের টপ স্কোরারের নামটা তার।
পেলের গোলসংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। তবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে- ১৩৬৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১২৮১ গোল আছে তার। সে হিসেবে এই প্রজন্মের সুপারস্টার মেসি-রোনালদোর চেয়েও অনেক এগিয়ে।
বিশ্বকাপের ৪টি আলাদা আসরে গোল করার রেকর্ড আছে ৫ ফুটবলারের। মেসি-রোনালদো-ক্লোসাদের পাশাপাশি এই তালিকা রাঙিয়েছেন পেলেও।
ক্লাব ক্যারিয়ারও বর্ণিল লিজেন্ডের। বেশিরভাগ ম্যাচ খেলেছেন সান্তোস এফসির হয়ে। তাদের হয়ে ৬৬০ ম্যাচে করেছেন ৬৪৩ গোল। এ ছাড়া নিউইয়র্ক কসমস, মিলিটারি টিম, সিলেকশন সাও পাওলোসহ ক্লাবে আছে অসংখ্য গোল।

