গুলশানে আগুন: ভবনের সামনে উৎসুক জনতার ভিড়

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে আগুন লাগা ১২তলা আবাসিক ভবনের সামনে সকাল থেকেই উৎসুক জনতার ভিড়। রাতে পুড়ে যাওয়া ভবন দেখতে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওই ভবনের সামনে এমন পরিস্থিতি দেখা গেছে।

তাদের কেউ শুধুই আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখতে এসেছেন। কেউবা কর্মস্থলে যেতে পথে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখছেন। কেউবা মোবাইল ফোনে তুলে রাখছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির ছবি।

তবে ভবনের মূল গেটের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষকে কিছুক্ষণ পর পর সরিয়ে দিতে দেখা যায় দায়িত্বরত পুলিশ সদস্যদের।
এদিকে আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৩০ বছর বয়সী সেই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধার কাজ শেষ করার পর রাতেই এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, একজন নিহত ওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়েছে। তিনি ভবনটি থেকে লাফিয়ে পড়ার কারণে মারা যান। এছাড়া আরো তিন জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।এই ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, যাদেরকে ভর্তি করা হয়েছে তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

আগুন ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে কয়েকজনকে লাফিয়ে নিচে নামতে দেখা যায়।
প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। পরে একে একে ১৯টি ইউনিট সেখানে যায়।

  •  
  •  
  •  
  •