ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
নিউজ ডেস্ক:
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার ও প্রধান বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন।
তাদের শ্রদ্ধা জানানো শেষ হলে জনসাধারণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। পরে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
ফুল হাতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। ভোর থেকে খালি পায়ে হাতে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আসেন হাজারো মানুষ। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি সকল ভেদাভেদ ভুলে সবাই আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। একই সঙ্গে সর্বত্র ওড়ানো হচ্ছে শোকের কালো পতাকা।
দিবসটি উপলক্ষে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

