বহিরাগতদের হামলায় বাকৃবি শিক্ষার্থী আহত, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়াদী হলের আবাসিক ছাত্র মোঃ সাইদুজ্জামান।তিনি ভেটেরিনারি অনুষদের লেভেল-৩ সেমিস্টার -২ একজন শিক্ষার্থী।
প্রতক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফসিলের মোড় হতে একদল বহিরাগত লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রসহ হোসেন শহীদ সোহরাওয়াদী হল আক্রমণ করে।এ সময়ে মোঃ সাইদুজ্জামান নামের ঐ শিক্ষার্থীকে সামনে পেয়ে অতর্কিত হামলা চালায়।এতে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা তার বাই সাইকেল ছিনিয়ে নিয়ে তা ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

বহিরাগত হামলাকারীদের প্রতিরোধ করতে কিছু শিক্ষার্থী পাল্টা আক্রমন করলে বহিরাগতরা পালিয়ে যায়।
অনাকাঙ্খিত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীতায় ভুগছে এবং তাদের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্যের তাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছে।
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়াদী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করছেন।
ক্লাস পরীক্ষা বর্জনের বিষয়ে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল সবুজবাংলাদেশ24কমকে বলেন, আগামীকালের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছেন শিক্ষার্থীরা।

