মুখোমুখি সংঘর্ষে হুগলি নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

নিউজি ডেস্ক:

দু’টি বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষে হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ। শনিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকায়।

দুর্ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনা কবলিত ওই বাংলাদেশি জাহাজে থাকা ৯ জন ক্রু সদস্যদের মধ্যে। যদিও এসময় উদ্ধারকাজে প্রথমে হাত লাগায় ওই খালি জাহাজটির কর্মীরা। পরে ছোট ছোট বোটে করে দুর্ঘটনা কবলিত জাহাজটির কাছে পৌঁছে যায় পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষ। এরপর একে একে জাহাজটির প্রতিটি ক্রু সদস্যদের উদ্ধার করে আনা হয়। এই মুহূর্তে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে ঘিরে রয়েছে কড়া পাহারা।

পুলিশ সূত্রে খবর, হুগলি নদী দিয়ে একটি ছাইবোঝাই পণ্যবাহী জাহাজ বাংলাদেশে যাচ্ছিল। সে সময় আর একটি পণ্যবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা মারে। এর জেরে ছাইবোঝাই জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি।

কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

জাহাজডুবির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশপাশ থেকে স্থানীয় মানুষেরাও ছুটে এসে ভিড় জমায় নদী পাড়ে।

  •  
  •  
  •  
  •