প্রাথমিকের বৃত্তির ফল মঙ্গলবার
নিউজ ডেস্ক:
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সেখানে উপস্থিত থাকবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৩৩ হাজার জন মেধা বৃত্তি এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়ার কোটা আছে। এখন ফলাফলের ভিত্তিতে তা বণ্টন করা হবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে একেকটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিপড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় এই পরীক্ষা।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২- এ ট্যালেন্টপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিল ২২ হাজার। সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিল ৩৩ হাজার। মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পাবে।

