নারায়ণগঞ্জে কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় এইচপি কেমিক্যাল কারখানার গুদামে এই আগুন লাগে। এর কিছুক্ষণ আগে আগুন লাগে পাশেই নান্নু স্পিনিং মিল নামের আরেক কারখানায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ৩টার দিকে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জ্বলছে কেমিক্যালের গুদাম।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফখরু উদ্দিন জানান, ১১টি ইউনিট কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুন ভয়াবহ। আরও কয়েকটি ইউনিট ঢাকা থেকে রওনা হয়েছে।

ওই মিল ও কেমিক্যাল গুদাম পাশাপাশি অবস্থিত; মিল থেকে কারখানায় হেঁটে যেতে তিন মিনিটের মতো সময় লাগে বলে জানান স্থানীয়রা। কেমিক্যাল কারখানার শ্রমিকরা জানান, পৌনে ২টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়ে গুদামে আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে।

কেমিক্যালের গুদামে কি কেমিক্যাল রয়েছে তা এবং দুই আগুনে কেউ হতাহত হয়েছেন কি না তা বিস্তারিত জানাতে পারেননি দায়িত্বশীল কেউ।

  •  
  •  
  •  
  •