কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
মঙ্গল শোভা যাত্রা, ঘোড় দৌড়, বানর ও সাপের খেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্দোগে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বর্নাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সপার তবারক উল্ল্যাহ্, পৌর মেয়র আব্দুল জলিল বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শোভা যাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় রং-বেরঙের পাপেট, গরুর গাড়ি, হাতি, ঘোড়া ও বর কনেসহ গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী গ্রামীণ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে।
এর আগে সকালে প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। এছাড়াও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের নেতৃত্বে রৌমারী উপজেলা শহরে শোভাযাত্রা বের করা হয়।

