ঈদে মহাসড়কে চলবে মোটরসাইকেল
নিউজ ডেস্ক:
আসন্ন ঈদের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি এ কথা জানান।
মহাসড়কে দুর্ঘটনা রোধে গত বছর ঈদুল আজহায় মোটরসাইকেল চলাচলে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে, এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বাধা নেই।
ঈদের আগে পাঁচদিন ও পরে সাতদিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলেও জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে ও বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে,তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

