আজ জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ৭০ প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক:
সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ আজ বিতরণ করা হবে। এবার ট্রফি পাচ্ছে ৭০টি কোম্পানি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ উপলক্ষে রবিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে আলোচ্য অর্থবছরে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড।
নির্বাচিত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে গত বছরের ২৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনা অতিমারির কারণে বৈশ্বিক পর্যায়ে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয় কিছুটা কমে যায়। ওই বছর রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

