হজের নিবন্ধনের সময় আর বাড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:

চলতি বছর হজের কোটা পূরণ না হলেও আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্ধারিত সময়ে হজ কোটা পূরণ না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ৯ বার সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। যার ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ হজযাত্রী সংখ্যা তুলনা করলে অন্যান্য দেশের চেয়ে ভালো। বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় এক লাখ ২০ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।’

হজ ব্যবস্থাপনায় আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। হজ এজেন্সিগুলো প্রযুক্তিগত সেবা দিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে। ফলে অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত উন্নয়ন হয়েছে। গত ১৪ বছরে হজ ব্যবস্থাপনায় যে উন্নতি হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।’

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

  •  
  •  
  •  
  •