জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে টোকিও’র একটি হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ উদ্বোধনকালে তিনি এ আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা নিশ্চিত আপনাদের বিনিয়োগ আপনাদের ব্যাপক সাফল্য এনে দেবে।
শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।’
সরকারপ্রধান আরও বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার সরকার এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাগুলো আপনাদেরসহ জাপানে আমাদের অন্যান্য বন্ধুদের বাংলাদেশে ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়তা করতে আগ্রহী।’
জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতারা এ সময় বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

