ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯.৬৯ এবং মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। বাকি ৯০.৩১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল বাছির প্রমুখ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চ-মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no>  টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

  •  
  •  
  •  
  •