চিকিৎসকদের আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ
নিউজ ডেস্ক:
মাসিক ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধ করা এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী প্রায় ৫ শতাধিক চিকিৎসক।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এরপর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা।
ভাতার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা আশ্বস্ত করলেও বিএসএমএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। ঐক্য, ঐক্য চিকিৎসকদের ঐক্য’ স্লোগানে মুখরিত করে তুলেছেন উচ্চতর কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকরা।
সবাই আশার বাণী শোনান মন্তব্য করে চিকিৎসকরা জানান, এ ক্ষেত্রে কেউ কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ সময় চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে তারা সরাসরি উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থানের ঘোষণা দেন।
ভাতা বৃদ্ধির বিষয়টি উপাচার্যের কাছে থেকে লিখিত নেওয়া ছাড়া তারা সেখান থেকে বের না হওয়ার ঘোষণা দেন।
বর্তমানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা।

