ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিউজ ডেস্ক:
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে। তবে আজ সকাল আটটায় পাওয়া যাবে কেবল পশ্চিমাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ১২ টা থেকে বিক্রয় শুরু হবে।
এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকিট। সার্ভারে চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত দেওয়া হবে না। আসন্ন ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।
ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট।
এবার ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশি কোনো নাগরিক ট্রেনে ভ্রমণ করতে চাইলে সেক্ষেত্রে দেখাতে হবে পাসপোর্ট। গত ১ মার্চ থেকে এ নিয়য়ম চালু হয়েছে।

