ঈদের ছুটি একদিন বাড়ল
নিউজ ডেস্ক:
ঈদের ছুটি একদিন বাড়িয়েছে সরকার। ফলে ২৭ জুন থেকে ঈদের ছুটি কার্যকর হবে। ফলে এদিন থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সে হিসেবে বাংলাদেশে ২৯ জুন ঈদুল আজহার দিন ধরা হয়েছে। ঈদের পরে শুক্রবার এবং শনিবার দুইদিন সরকারি ছুটির মধ্যেই পড়েছে। মানুষের ঈদ যাত্রার সুবিধার জন্য তাই ঈদের আগে ২৮ জুনের সঙ্গে আরও একদিন বাড়িয়ে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি দিয়েছে সরকার।
আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটিসহ ঈদের ছুটি পাঁচদিন হবে।

