ঈদযাত্রা শুরু, প্রথম দিনে চলছে ৫৩ জোড়া ট্রেন
নিউজ ডেস্ক:
পরিবার- পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ট্রেনে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। সকাল ছয়টায় আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় ঈদযাত্রা।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, এবারের ঈদযাত্রার প্রথম দিনে আন্তঃনগর ও লোকাল মিলিয়ে ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা সেনানিবাস স্টেশন থেকে তিনজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানা গেছে।
এর আগে ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট।
এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অনলাইনে দুই ভাগে দেয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।

