বাকৃবির ২৫ তম উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫ তম উপাচার্যের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বাকৃবি ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ১২ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

বাকৃবি ২৪তম উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের দায়িত্বের মেয়াদ ২৯ মে শেষ হওয়ায় অধ্যাপক এমদাদুল হক চৌধুরী-কে এই দায়িত্ব দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
ড. এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ও প্যাথলজি বিভাগ থেকে এম.এস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অফ ভেটেরিনারি প্যাথলজি থেকে পিএইচ.ডি এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ এনিম্যাল হেলথ,জাপান থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।
১৯৯৫ সনে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে লেকচারার হিসেবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৯৯ সনে সহকারী অধ্যাপক, ২০০৪ সনে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।
এর পূর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল।

