ভারতে ক্রেন ভেঙে ১৬ শ্রমিক নিহত

নিউজ  ডেস্ক:

ভারতে একটি মহাসড়কে শ্রমিকদের ওপর ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ৫ জন ধসে পড়া ক্রেনটির নিচে চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শাহাপুর এলাকার সরলাম্বি গ্রামে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের একটি জায়গায় গতকাল রোববার দিবাগত রাতে ক্রেনটি ধসে পড়ে।

পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভেতর এখনও অন্তত পাঁচ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

জানা যায়, নির্মাণকাজে যে বিশেষ ধরনের ক্রেনটি চালানো হচ্ছিল সেটির নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নিচে ভিত গঠনেও কাজে লাগে এই যন্ত্র। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ।

  •  
  •  
  •  
  •