হাওর থেকে গ্রেপ্তারকৃত বুয়েট শিক্ষার্থীদের সবাই ছাত্রশিবিরের সদস্য

ডেস্ক নিউজ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গ্রেপ্তারকৃত ৩৪ শিক্ষার্থীই শিবিরের কর্মী।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ। এতে ৩১ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ৩৪ শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ের শহীদুলের নৌকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ জনকে আটক করা হয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। এতে নেতৃত্বে দেন বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আফিফ আনোয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদেরকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। আটকৃতদের কাছ থেকে তল্লাশি করে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্কিনশর্টের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথীদের পাঠযোগ্য কোরান ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত স্কিনশর্টের কাগজপত্র জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে বর্তমানে বুয়েটে অধ্যয়নরত ২৪ ও সাবেক ৭ শিক্ষার্থী এবং অন্যান্য আরও তিনজনের নামে তাহিরপুর থানায় মামলা রুজু করেন। এরপর তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  •  
  •  
  •  
  •