বাকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) কৃষিগুচ্ছের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ  ৫ আগষ্ট শনিবার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রের অধীনে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষ হতে যাচ্ছে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর সবুজবাংলাদেশ24.কমকে জানান, বাকৃবিতে মোট ২১ টি অঞ্চলের ২৪৬টি কক্ষে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবছর বাকৃবিতে ১২ হাজার ৬২০ জন্য পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং উপস্থিতির হার ৯১ থেকে ৯৩ শতাংশ বলেও জানান তিনি।

আগামী ১০ আগষ্ট এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল, আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন।

উল্লেখ্য, ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৫৪৮টি। এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এর মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। সে হিসেবে কৃষি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় আসন প্রতি ২৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী লড়ার কথা ছিল।

  •  
  •  
  •  
  •