১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
নিউজ ডেস্ক:
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজারে বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার রাতে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
গতকাল বুধবার রাত ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার ফল ৩০ আগস্ট অপরাহ্নে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে টেলিটক থেকে খুদেবার্তার মাধ্যমেও ফল জানানো হয়েছে।
এর আগে গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।
এ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।

